বিশেষ

মাসুদ কামালের মন্তব্যে ক্ষুব্ধ চিকিৎসক সংগঠন

ছবি: সংগৃহীত

দেশের চিকিৎসক সমাজকে নিয়ে সাংবাদিক মাসুদ কামালের এক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। তারা মন্তব্যটিকে অশালীন, অবমাননাকর ও অনভিপ্রেত আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহার এবং চিকিৎসক সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পৃথক বিবৃতিতে এ দাবি জানায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) এবং বিসিএস হেলথ ফোরাম।

বিবৃতিতে বলা হয়, একটি ইউটিউবভিত্তিক চ্যানেলে আদ্-দ্বীন হাসপাতালে ঘটে যাওয়া একটি শিশু মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার সময় মাসুদ কামাল চিকিৎসক সমাজ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ঘটনাটি এখনও তদন্তাধীন থাকা অবস্থায় এ ধরনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে সংগঠনগুলো।

ড্যাবের নেতারা বলেন, কোনো একটি ঘটনার সমালোচনা বা পর্যালোচনা করা যেতে পারে, তবে একটি পুরো পেশাজীবী সম্প্রদায়কে অবমাননাকর ভাষায় আখ্যায়িত করা গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তারা।

সংগঠনটির মতে, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ হলেও চিকিৎসক সমাজের বিরুদ্ধে ধারাবাহিক নেতিবাচক প্রচারণা জনসাধারণের মধ্যে চিকিৎসাসেবার প্রতি আস্থাহীনতা তৈরি করতে পারে।

এনডিএফের নেতারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের একটি মৌলিক অধিকার। তবে সেই স্বাধীনতার আড়ালে কোনো পেশাজীবী গোষ্ঠীকে ঢালাওভাবে আক্রমণ করা বা অশালীন ভাষায় হেয় করা দায়িত্বশীল সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তারা আরও বলেন, সীমিত সম্পদ, অতিরিক্ত কর্মচাপ এবং নানা কাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের চিকিৎসকরা কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালসহ বিভিন্ন জাতীয় সংকটে চিকিৎসকদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। এমন একটি পেশাজীবী গোষ্ঠীকে অপমানজনক ভাষায় আক্রমণ করলে চিকিৎসক ও সাধারণ মানুষের পারস্পরিক আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা মনে করেন।

এনএইচএ তাদের বিবৃতিতে জানায়, যে কোনো পেশা বা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে তা হতে হবে তথ্যনির্ভর, যুক্তিসংগত ও শালীন। একটি পুরো পেশাজীবী সম্প্রদায়কে অবমাননাকর অভিধায় আখ্যায়িত করা মতপ্রকাশের স্বাধীনতার সঠিক চর্চা নয়; বরং এটি সামাজিক বিভাজন ও বিদ্বেষকে উসকে দিতে পারে।

অন্যদিকে, বিসিএস হেলথ ফোরাম বলেছে, প্রতিকূল পরিবেশ, সীমিত সুযোগ-সুবিধা এবং নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের চিকিৎসকরা দীর্ঘদিন ধরে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছেন। মহামারি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা জাতীয় সংকট—সব পরিস্থিতিতেই তারা দায়িত্ব পালন করেছেন।

সংগঠনটির মতে, চিকিৎসক সমাজ সম্পর্কে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য শুধু চিকিৎসকদের নয়, দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকেও অসম্মান করার শামিল। তাই দ্রুত ওই বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

ভোরের আকাশ/সু.পা

মাসুদ কামালের মন্তব্যে ক্ষুব্ধ চিকিৎসক সংগঠন | স্বাস্থ্য কথা