নর্দান ইউনিভার্সিটিতে বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরামের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম-এর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ জাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমান।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে দেশের বিভিন্ন স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত ফার্মাসিস্ট, গবেষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে ফার্মেসি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জনস্বাস্থ্য সচেতনতা তৈরি এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি।
উপদেষ্টা পরিষদে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ফার্মাসিস্ট, গবেষক ও উদ্যোক্তারা যুক্ত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং গবেষণা ও শিক্ষা সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছরে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা কার্যক্রম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন, জনসচেতনতামূলক ক্যাম্পেইন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।
নবনির্বাচিত সভাপতি আশরাফ জাহিদ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের পেশাগত মানোন্নয়ন এবং ফার্মাসিস্টদের মধ্যে ঐক্য গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, “বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম একটি সেবামূলক প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে এই শাখাকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলতে আমরা কাজ করব।”
নতুন কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা



