স্বাস্থ্য প্রশাসন

অভিযোগ নিষ্পত্তিতে বিএমডিসিকে শক্তিশালী করার প্রয়োজন: ডা. ডোনার

ছবি: সংগৃহীত

রাজধানীর বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

চিকিৎসকদের পেশাগত অনিয়মের অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) আরও শক্তিশালী ভুমিকা কার্যকর হবে বলে তিনি মনে করেন।

ডা. ডোনার বলেন, চিকিৎসকদের ভুল বা কর্তব্যে অবহেলার জন্য জবাবদিহিতা থাকা প্রয়োজন। একই সঙ্গে চিকিৎসকের পরিচয়ে অযোগ্য ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার বিষয়েও কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, অনেক চিকিৎসককে প্রতিদিন শতাধিক রোগী দেখতে হয়। কার্যকর রেফারেল ব্যবস্থা চালু না থাকায় চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং রোগীদের পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তাই স্বাস্থ্যসেবায় কার্যকর রেফারেল ব্যবস্থা চালু করা জরুরি।

গুরুতর রোগীদের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি রোগী ও স্বজনদের পরিস্থিতি বোঝানোর জন্য হাসপাতালে কাউন্সিলার রাখার পরামর্শ দেন ডা. ডোনার। রোগী বা স্বজনদের চিকিৎসা ও ওষুধসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শুধু আইন করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় উল্লেখ করে ডা. ডোনার বলেন, মানুষের মধ্যে দায়িত্ববোধ ও বিবেক জাগ্রত করতে হবে। করোনাভাইরাস মহামারির সময় বাংলাদেশের চিকিৎসকরা ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছেন উল্লেখ করে চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা ও সম্মান ফিরিয়ে আনার পাশাপাশি চিকিৎসকদেরও নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ও ডা. মাহমুদা মিতুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

ভোরের আকাশ/সু.পা

অভিযোগ নিষ্পত্তিতে বিএমডিসিকে শক্তিশালী করার প্রয়োজন: ডা. ডোনার | স্বাস্থ্য কথা