স্বাস্থ্য প্রশাসন

প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করাই সরকারের স্বাস্থ্য পরিকল্পনার মূল ভিত্তি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, সরকার এমন একটি আধুনিক ও পুনর্গঠিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে পরিবার পরিকল্পনার বিদ্যমান কাঠামো বোঝা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে। তবে সময়ের প্রয়োজনে এ ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি’ বিষয়ক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ হেলথ ওয়াচ এবং সুইডেন দূতাবাস (Sverige)।

সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. আশরাফী আহমাদ, সোশ্যাল মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন খানসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।

প্রতিমন্ত্রী জানান, মাঠপর্যায়ের সেবায় দ্বৈততা বা কাজের পুনরাবৃত্তি কমাতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিকের অধীনে প্রায় ৪০ হাজার কর্মী আলাদাভাবে কাজ করছেন। এর সঙ্গে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বিদ্যমান ও নতুন মিলিয়ে মোট ১ লাখ ৪০ হাজার স্বাস্থ্যকর্মীকে একটি সমন্বিত কাঠামোর অধীনে আনা হবে। তাদের জন্য একই ধরনের চাকরির বিবরণ এবং ‘এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ’ নির্ধারণ করা হবে, যাতে সেবার মান একরূপ থাকে।

ড. মুহিত আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু পরিবার পরিকল্পনা নয়, বরং সামগ্রিক স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রায় ৫০ শতাংশ মানুষ নিজ উদ্যোগে গর্ভনিরোধক সামগ্রী ব্যবহার করেন, যা সচেতনতা বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব। এতে সরকারের ওপর চাপ কমবে এবং সেই সম্পদ জনস্বাস্থ্যে ব্যয় করা যাবে।

স্বাস্থ্য খাতের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের ঘাটতি নয়, বরং অদক্ষতা ও সময়মতো বাস্তবায়নের ব্যর্থতা। সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম ডাটা সংগ্রহ ও স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

ভোরের আকাশ/সু.পা

প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ