স্বাস্থ্য সেবা

সংকটাপন্ন রোগীদের জন্য আদ্-দ্বীনের ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা

ছবি: সংগৃহীত

প্রত্যন্ত অঞ্চল থেকে সংকটাপন্ন রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে বিনামূল্যে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে আদ্-দ্বীন। ‘আদ্-দ্বীন এয়ার অ্যাম্বুলেন্স (আদ্-যান)’ নামে এই উদ্যোগের মাধ্যমে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানিয়েছে, মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ অনেক সময় প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। সেই ঝুঁকি কমিয়ে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।

যেসব হাসপাতালে নেওয়া হবে রোগী
রোগীর শারীরিক অবস্থা এবং স্বজনদের সম্মতির ভিত্তিতে নিচের হাসপাতালগুলোতে রোগী পরিবহন করা হবে—
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর।
যশোর জেনারেল হাসপাতাল (অনুমতি সাপেক্ষে)।
আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (অনুমতি সাপেক্ষে)।
খুলনা বিশেষায়িত হাসপাতাল (অনুমতি সাপেক্ষে)।

যেসব রোগী অগ্রাধিকার পাবেন
জরুরি ও জীবন-সংকটাপন্ন অবস্থার রোগীদের জন্য এ সেবা প্রযোজ্য। এর মধ্যে রয়েছে—
হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা খিঁচুনি হওয়া।
তীব্র বুকে ব্যথা বা শ্বাসকষ্ট।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি।
স্ট্রোকে আক্রান্ত রোগী।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ব্যক্তি।
গর্ভাবস্থায় বা প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বা খিঁচুনি।
গর্ভাবস্থায় তীব্র পেটব্যথা, রক্তপাত বা আঘাতপ্রাপ্ত নারী।
জটিলতা নিয়ে জন্ম নেওয়া নবজাতক।
সাপে কামড়ানো রোগী।
অতিরিক্ত নাক দিয়ে রক্তক্ষরণসহ অন্যান্য জরুরি অবস্থা।

অন্য রোগীরাও সুবিধা পাবেন
মুমূর্ষু রোগীর বাইরে যেসব রোগীর বিশেষ চিকিৎসা সহায়তা ছাড়াই ভ্রমণ সম্ভব, তারাও নির্দিষ্ট শর্তে এ সেবা নিতে পারবেন। সেক্ষেত্রে রোগীর অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন থাকা যাবে না, সংক্রামক রোগে আক্রান্ত হওয়া যাবে না এবং অন্য যাত্রী বা ফ্লাইটের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করা যাবে না। গর্ভবতী নারীদের ক্ষেত্রে একক গর্ভধারণ হলে গর্ভকাল ৩৬ সপ্তাহের কম এবং একাধিক ভ্রূণ থাকলে ৩২ সপ্তাহের কম হতে হবে।

নিরাপত্তা নির্দেশনা
হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা মেনে চলতে হবে। হেলিকপ্টারের ৩০ গজের মধ্যে কাউকে যেতে দেওয়া হবে না এবং অবতরণস্থলে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলতে হবে। ঘূর্ণায়মান রোটর ব্লেডের কাছাকাছি যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া রোগীকে হেলিকপ্টারে ওঠানো বা নামানোর কাজ শুধুমাত্র মেডিকেল টিমের তত্ত্বাবধানে করা হবে। নিরাপত্তার স্বার্থে রোগী ছাড়া অন্য কোনো স্বজনকে হেলিকপ্টারে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

যোগাযোগ ও হটলাইন নম্বর
জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবার জন্য যে নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে: ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০০, ০১৭১৩-৪৮৮৪০৬

ভোরের আকাশ/সু.পা

সংকটাপন্ন রোগীদের জন্য আদ্-দ্বীনের ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা | স্বাস্থ্য কথা