শ্রবণস্বাস্থ্য গবেষণায় বাংলাদেশের নতুন মাইলফলক

ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অডিওলজি-ভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন World Congress of Audiology 2026-এ প্রথম বাংলাদেশি স্পিকার ও প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন তরুণ অডিওলজিস্ট (শ্রবণ বিশেষজ্ঞ) এস এম তৌফিক আবির।
দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজন করে International Society of Audiology, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা World Health Organization-এর সঙ্গে সমন্বিতভাবে শ্রবণস্বাস্থ্য উন্নয়নে কাজ করে। এই আন্তর্জাতিক কংগ্রেস প্রতি দুই বছর অন্তর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে থাকে।
এবারের আয়োজনে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে কয়েক হাজার অডিওলজি ও শ্রবণস্বাস্থ্য সংশ্লিষ্ট পেশাজীবী, গবেষক, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে শ্রবণস্বাস্থ্য বিষয়ক অসংখ্য গবেষণা উপস্থাপন করা হয় এবং বৈশ্বিক শ্রবণস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ নীতিগত আলোচনাও অনুষ্ঠিত হয়।
স্পিকার হিসেবে বক্তব্যে এস এম তৌফিক আবির বাংলাদেশের অডিওলজি খাতের ইতিহাস, শিক্ষা, গবেষণা ও সেবামূলক কার্যক্রম আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। তার উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের শ্রবণস্বাস্থ্য খাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন আগ্রহ তৈরি হয়। বিভিন্ন দেশের প্রতিনিধি বাংলাদেশের অগ্রগতিকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।
এবারের বিশ্ব কংগ্রেসে বাংলাদেশের শ্রবণস্বাস্থ্য বিষয়ক দুটি গবেষণা প্রকাশিত হয়েছে, যা দেশের গবেষণা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯৫৩ সালে যাত্রা শুরু করা এই বিশ্ব কংগ্রেসে এবারই প্রথম বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ ঘটে। প্রতিনিধি দলে আরও ছিলেন শ্রবণ ও বাক্ বিশেষজ্ঞ উম্মে শরীফা ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম এবং পাইজার–বিইউপি শিক্ষার্থী আর জামান খান।
বিশ্ব অডিওলজি কংগ্রেসে বাংলাদেশের অংশগ্রহণ, স্পিকার হিসেবে উপস্থাপনা এবং গবেষণা প্রকাশকে দেশের শ্রবণস্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে বৈশ্বিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।
ভোরের আকাশ/সু.পা



