স্বাস্থ্য প্রশাসন

সরকারি হাসপাতালকেন্দ্রিক বেসরকারি ক্লিনিক স্থাপনে অনুমতি দেবে না স্বাস্থ্য অধিদপ্তর

ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালকেন্দ্রিক স্বাস্থ্যসেবার পরিবেশ বজায় রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া যাবে না।

এ ছাড়া সরকারি হাসপাতালের আশপাশে আগে থেকে থাকা বেসরকারি ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের প্রতিটি বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

সরকারি হাসপাতালকেন্দ্রিক বেসরকারি ক্লিনিক স্থাপনে অনুমতি দেবে না স্বাস্থ্য অধিদপ্তর | স্বাস্থ্য কথা