স্বাস্থ্য প্রশাসন

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায় পর্যন্ত কিডনি ডায়ালাইসিস সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে। তাই সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হলে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও কাছাকাছি পাওয়ার সুযোগ তৈরি হবে।

মন্ত্রী জানান, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করা হলেও দীর্ঘ ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো। নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারে নতুন করে ৪০টি আইসিইউ শয্যা যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোরের আকাশ/সু.পা