স্বাস্থ্য প্রশাসন

প্রয়োজনে শয্যা বাড়ানোর নির্দেশ

শয্যা সংকট অজুহাতে রোগী ফেরানো যাবে না : স্বাস্থ্য অধিদপ্তর

ছবি: সংগৃহীত

হামের রোগীর চাপ সামাল দিতে দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকটের অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হাম-উপসর্গের রোগীকে অন্যত্র ফেরত পাঠানো যাবে না- এমন স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয় থেকে (২১ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে শয্যা খালি না থাকলেও কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে কেবল জটিল বা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে রেফার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোগী রেফারের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ নিয়ম লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায়ভার নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনায় দেশের সব সরকারি হাসপাতালকে তাৎক্ষণিকভাবে এটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শয্যা সংকট অজুহাতে রোগী ফেরানো যাবে না : স্বাস্থ্য অধিদপ্তর | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ