হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ
টিকাবিরোধী প্রচার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান রিজভীর

কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
হামের বাড়তি সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার ও স্বাস্থ্যখাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। সুস্থ সমাজ গড়তে বিজ্ঞানের ওপর নির্ভরশীল হওয়া ছাড়া বিকল্প নেই। সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে সরকার, চিকিৎসক এবং সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য দিবস'২০২৬ উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিএনপি'র উদ্যোগে বর্ণাঢ্য র্যালী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
রিজভী বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সবার জন্য গুরুত্বপূর্ণ। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সবার জীবন’। এই প্রতিপাদ্যের মূল কথাই হচ্ছে, সবাইকে বিজ্ঞানের সঙ্গে থাকতে হবে। বিজ্ঞানের সঙ্গে না থাকলে সঠিক রোগ নির্ণয়, সুস্বাস্থ্য এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, বর্তমানে হামের যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তার পেছনে টিকাবিরোধী প্রচার ও কুসংস্কার অন্যতম কারণ। উন্নত বিশ্বেও ‘অ্যান্টি-ভ্যাকসিন’ একটি গোষ্ঠী সক্রিয় এর ফলে সমাজে এখনো অন্ধত্ব, ভুল ধারণা ও কুসংস্কার ছড়িয়ে আছে।
রিজভী বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানেরই ফল। মানুষ প্রত্যাশা করে, যেকোনো মহামারি বা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ ও উপকরণ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় সারা দেশে সাতজন শিশু মারা গেছে। শিশুদের মৃত্যু মানুষের হৃদয়কে নাড়িয়ে দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণ যেন স্পষ্টভাবে দেখতে পায়, এটি একটি জনবান্ধব সরকার।
তিনি বলেন, আজকের এই বিশ্ব স্বাস্থ্য দিবসে চিকিৎসক, নার্স ও টেকনিক্যাল কর্মীরা সজাগ আছেন। বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। আবহাওয়ার কারণে অনেক কর্মসূচি বাদ দেওয়া হলেও আয়োজকেরা যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম,জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও অভিনেতা আশরাফুজ্জামান উজ্জ্বল, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহকারী পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও চিকিৎসক সাগর খানসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং নার্সিং ইনস্টিটিউটের প্রতিনিধিরা।



