বিশেষ

উলবাকিয়া প্রযুক্তিতে ডেঙ্গু দমনে কাজ করবে সরকার : স্বাস্থ্য মন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উলবাকিয়া (Wolbachia) পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বুধবার (৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ভিত্তিক ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) প্রতিনিধিরা অংশ নেন। জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই করবে সংস্থাটি। এর মাধ্যমে দেশে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা হবে।

বৈঠকে ডব্লিউএমপির অ্যাডভোকেসি ও এক্সটার্নাল রিলেশনস পরিচালক ড. ক্লডিয়া সুরজাদজাজা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় উলবাকিয়া প্রোগ্রাম চালুর সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে থাকায় দ্রুত প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডব্লিউএমপির সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক পরিকল্পনা তৈরির নির্দেশ দেন।

এ সময় ডব্লিউএমপি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা এবং উন্নয়ন সহযোগীদের সমর্থন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

সরকারের মতে, ডেঙ্গুর বিস্তার কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষা জোরদারে উদ্ভাবনী ও প্রমাণভিত্তিক উদ্যোগ গ্রহণের ধারাবাহিকতার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

উলবাকিয়া প্রযুক্তিতে ডেঙ্গু দমনে কাজ করবে সরকার : স্বাস্থ্য মন্ত্রী | স্বাস্থ্য কথা