স্বাস্থ্য সেবা

ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনে জাতীয় প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ

ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনকে একটি জাতীয় পেশাজীবী প্ল্যাটফর্মের আওতায় আনতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (বিএডব্লিউএলএম) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর সিরডাপের এটিএম শামসুল হক অডিটোরিয়ামে এ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও চিকিৎসা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পেশাজীবী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সাবেক সিনিয়র অ্যাডভাইজার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ড. মুজাহারুল হক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ শাদরুল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. জালালউদ্দিন রুমি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অধ্যাপক ড. মজিবুল হক ‘বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনের বর্তমান প্রেক্ষাপট, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ, সুস্থ বার্ধক্য নিশ্চিত করা এবং জনগণের জীবনমান উন্নয়নে লাইফস্টাইল মেডিসিন, বৈজ্ঞানিক পুষ্টিবিজ্ঞান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সমন্বিত চিকিৎসা পদ্ধতির গুরুত্ব বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশেও এ খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, গবেষণা ও প্রশিক্ষণ সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা বলেন, বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনের বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়। প্রস্তাবিত সংগঠনটি চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয় বাড়ানো, গবেষণা পরিচালনা, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, নীতিনির্ধারণী পর্যায়ে সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ কাঠামো, সদস্যপদ, প্রশিক্ষণ, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভোরের আকাশ/সু.পা

ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনে জাতীয় প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ | স্বাস্থ্য কথা