পিচ্চি রাজার পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ নেওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা বলেন পিচ্চি রাজা। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় প্রিজনভ্যানের চালকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি তদন্তে পুলিশ একটি তদন্ত কমিটিও গঠন করেছে। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে কমিটিটি কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
পুলিশ সূত্র জানায়, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়া হচ্ছিল। নাওজোড় এলাকায় পৌঁছানোর পরই শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। নেপাল থেকে তিনি, তার স্ত্রী ও শ্যালক দেশে ফিরছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।
পুলিশের ওই সূত্র আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা