গাজীপুরে চার দিন শুটিং স্পট ও রিসোর্ট বন্ধের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গাজীপুরে চার দিনের জন্য সব শুটিং স্পট, রিসোর্ট ও পার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার রাতে জারি করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
জিএমপি কমিশনার মোহা. আলমগীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনী এলাকার ভেতরে থাকা সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্রে যেকোনো ধরনের কার্যক্রম এবং জনসমাগম নিষিদ্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা বন্ধ না রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ প্রশাসন বলছে, নির্বাচনের সময়ে অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তঝুঁকি এড়াতে এবং ভোটের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুরের বিভিন্ন এলাকায় আড়াই শতাধিক রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পট রয়েছে। এসব বিনোদনকেন্দ্রে ভিড় করেন রাজধানীসহ বিভিন্ন জেলার মানুষ।
ভোরের আকাশ/এনএস