ডিআর কঙ্গোতে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইট থেকে রাজধানী কিনশাসার উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করে। তবে সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
কোয়াঙ্গো প্রদেশের উপ-গভর্নর রেমি সাকি বোকিন্ডা জানান, মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।
শনিবার তিনি জানান, প্রথমে ১৩ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে ধ্বংসাবশেষের আগুন নিয়ন্ত্রণে আনার পর ১৬ জন প্রাপ্তবয়স্ক ও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ মুটোম্বো এবং লেফটেন্যান্ট জেনারেল লুসিয়েন-রেনে লিকুলিয়াও রয়েছেন। তারা সরকারি দায়িত্বে ওই বিমানে ভ্রমণ করছিলেন।
ঘটনার পর দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।
এদিকে মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো দীর্ঘদিন ধরে সংঘাতে জর্জরিত। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। খনিজ সম্পদে সমৃদ্ধ এসব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এম