গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে: ইসরায়েল

গাজায় হামাসকে নিরস্ত্রীকরণের জন্য প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর বর্তমান রোডম্যাপের প্রতি প্রকাশ্য আপত্তি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল।
দেশটির এক কর্মকর্তা বলেছেন, গাজায় বর্তমানে যে অবস্থানে ইসরায়েলি বাহিনী রয়েছে, সেখান থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না। হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আগের মতোই অব্যাহত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় বর্তমান অবস্থান থেকে ইসরায়েল সরে যাবে না। আমাদের নাগরিক ও সেনাদের প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে।
এদিকে ইসরায়েলের আপত্তির মধ্যেই বোর্ড অব পিসের গাজাবিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ এবং সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন রোববার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তারা গাজায় সামরিক অভিযান বন্ধের বিষয়ে নেতানিয়াহুকে রাজি করানোর চেষ্টা করেন।
এছাড়া বোর্ড অব পিস এবং কয়েকজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের অনীহা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, চুক্তির শর্তগুলো সম্পর্কে কয়েক মাস ধরেই ইসরায়েলকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছিল। সূত্র : টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ/এম