রোহিঙ্গা শরণার্থীদের সুসংবাদ দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের’ বিষয়ে মিয়ানমারের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে অগ্রগতি অর্জনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, কোনো নির্দিষ্ট খাতে যদি মালয়েশীয় কর্মী পাওয়া না যায় কিংবা স্থানীয়রা সেই কাজে আগ্রহী না হন, তবে চাহিদার ভিত্তিতে শরণার্থীদের মধ্য থেকে দক্ষ কর্মীদের কাজের অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ ধরনের যোগ্যতাসম্পন্ন শরণার্থীদের বিশেষ আবেদন সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো যাচাই-বাছাই করবে।
সংসদে দাতুক মোহাম্মদ ইসাম মোহাম্মদ ইসা (বিএন-তাম্পিন)-এর একটি সম্পূরক প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন।
শরণার্থী নিবন্ধন নথি (ডিপিপি) বাস্তবায়নে সরকারের নির্দেশনা এবং তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের অপেক্ষায় থাকাকালীন শরণার্থীদের বৈধভাবে কাজের অনুমতি দেয়া যায় কি না—তা জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু ক্ষেত্রে, যদি তাদের এমন বিশেষ দক্ষতা বা বিশেষজ্ঞতা থাকে যা মালয়েশীয়দের নেই, আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট বিভাগগুলো বিশেষ আবেদনের মাধ্যমে বিষয়টি বিবেচনা করতে পারে।’
শরণার্থী নিবন্ধন প্রক্রিয়া প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম জানান, শরণার্থী ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে শরণার্থীদের বৈধ নিবন্ধনের বিষয়টি একচেটিয়াভাবে দেশটির অভিবাসন বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে। শরণার্থীর বেশে যাতে কোনো অপরাধী চক্র মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে, সে জন্যই এই কঠোর পদক্ষেপ।
ঢালাওভাবে কাজের অনুমতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এ কারণেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে বৈধ নিবন্ধন শুধুমাত্র অভিবাসন বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে,’ তিনি বলেন।
সংসদে দাতুক মুমতাজ এমডি নাউই (পিএন-তুম্পাত)-এর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) কর্তৃক শরণার্থী পরিচয়পত্র প্রদান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইউএনএইচসিআর-কে নিয়ে আমাদের কিছু আপত্তি রয়েছে।’
তিনি বলেন, ‘এ কারণেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে অভিবাসন বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায়িত্ব গ্রহণ করবে, কারণ ইউএনএইচসিআর কর্তৃক ইস্যুকৃত কার্ডের মাধ্যমে অনুমোদন পাওয়া খুব সহজ হয়ে গেছে।’
তিনি আরো জানান, সরকারের এই নতুন নিবন্ধন কর্মসূচির প্রথম পর্যায়ে ডিটেনশন সেন্টারে আটক থাকা ব্যক্তিদের লক্ষ্য করা হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে ডিটেনশন সেন্টারের বাইরে অবস্থানরত ইউএনএইচসিআর কার্ডধারীদের এই নিবন্ধনের আওতায় আনা হবে।
ভোরের আকাশ/আ.র