একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক পরিবর্তন এসেছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ জনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন প্রকাশ করে। উপসচিব তৌছিফ আহমেদ দুটি আদেশে সই করেন।
প্রথম আদেশে ছয়জনকে বদলি করা হয়। এসবির ঢাকা ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি করা হয়েছে। কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের আরআরএফ কমান্ড্যান্ট করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে আরপিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়।
দ্বিতীয় আদেশে আটজনকে বদলি ও পদায়ন করা হয়। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। একই কলেজে পুলিশ সুপার পদে পদায়ন পেয়েছেন পুলিশ অধিদপ্তরের (টিআর) এ. এইচ. এম. শাহাদাত হোসাইন।
পুলিশ অধিদপ্তরের (টিআর) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে এসআরইউর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। মাকসুদা খাতুনকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার ও মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
দুটি আদেশেই বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
ভোরের আকাশ/এনএস