গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলা, নিন্দা ১৮ দেশের

দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ১৮টি আরব ও মুসলিমপ্রধান দেশ। শনিবার (১৪ নভেম্বর) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয় এবং হামলাটিকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মানবিক আইনে চিকিৎসাকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের জন্য যে বিশেষ সুরক্ষার বিধান রয়েছে, এ হামলা তার লঙ্ঘন।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো তুরস্ক, আলজেরিয়া, জিবুতি, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান ও সংযুক্ত আরব আমিরাত।
যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলারও নিন্দা জানানো হয়। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবু ও অন্যান্য স্থাপনায় বিমান হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেন, এ ধরনের হামলা গাজায় যুদ্ধবিরতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বিত পরিকল্পনারও পরিপন্থী।
গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। বিশেষ করে তাঁবু, ক্যারাভান, মোবাইল হোম এবং জরুরি চিকিৎসাসামগ্রী প্রবেশে বাধার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে বলা হয়, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজায় জীবনযাত্রার পরিস্থিতির অবনতি, পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভেঙে পড়া বেসামরিক মানুষের জীবনকে আরও ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে শিশু ও নবজাতকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পর্যাপ্ত আশ্রয় ও মানবিক সহায়তা না পেলে তীব্র শীতে শিশুরা আবারও প্রাণ হারাতে পারে বলে সতর্ক করেন তারা।
ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসের আহ্বানে সাড়া দিয়ে শারম আল-শেখ চুক্তি, ট্রাম্পের সমন্বিত পরিকল্পনা এবং ২০২৫ সালে গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের আওতায় নিজেদের দায়িত্ব অবিলম্বে ও সম্পূর্ণভাবে পালনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীরা।
তারা যুদ্ধবিরতি মেনে চলা, বেসামরিক নাগরিক ও চিকিৎসাকেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করা এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিরাপদে ও বাধাহীনভাবে প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, জরুরি আশ্রয়, পুনরুদ্ধার কার্যক্রমের উপকরণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সচল করার সরঞ্জামসহ প্রয়োজনীয় সহায়তা গাজায় পৌঁছাতে দিতে হবে। একই সঙ্গে জাতিসংঘের সংস্থা ও মানবিক সহায়তাকারী সংগঠনগুলোকে কোনো বাধা ছাড়াই কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, চুক্তির প্রথম পর্যায়ের অঙ্গীকারগুলো স্বাক্ষরের পরপরই কার্যকর হওয়ার কথা ছিল। মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করতে পারে—এমন কোনো রাজনৈতিক বা নিরাপত্তাসংক্রান্ত শর্ত দিয়ে এসব অঙ্গীকার বাস্তবায়ন বিলম্বিত করা উচিত নয়। পরিকল্পনার পরবর্তী পর্যায়ের অগ্রগতির সঙ্গে জরুরি মানবিক সহায়তাকে যুক্ত করাও উচিত নয়।
গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে এবং ইসরায়েলকে চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নে চাপ দিতে যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতির শেষাংশে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাতে যুদ্ধবিরতি সুসংহত করা, পরিকল্পনার সব পর্যায়ের বাস্তবায়ন এগিয়ে নেওয়া এবং মানবিক সহায়তা বাড়াতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রীরা।
ভোরের আকাশ/আ.র