ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। এক পর্যায়ে কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কিছু শ্রমিক গুজব ছড়িয়ে আন্দোলন করছে। কিন্তু মূল ইস্যু বেতন বৃদ্ধি করা। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছেন। আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ভোরের আকাশ/ইউএম