ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরা

ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আবেদন করছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। তাদের অনেকেই বিভিন্ন শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেন।
তবে কিছু এজেন্সির বিরুদ্ধে ভুয়া শিক্ষাগত ও ভাষাগত দক্ষতার সনদ ব্যবহার করে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার সংগ্রহের অভিযোগ উঠেছে। এসব অফার লেটার নিয়ে ইউরোপে যাওয়ার পর মূল কাগজপত্র জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা।
কারও ভর্তি বাতিলের পরিস্থিতি তৈরি হয়েছে, আবার কাউকে নতুন করে ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে ঢাকার পান্থপথের একটি এজেন্সির মাধ্যমে অফার লেটার পেয়েছেন ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, জার্মানির বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য ওই এজেন্সিকে দুই লাখ টাকা দিয়েছেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের অফার লেটার হাতে পেয়ে সেখানে কয়েকটি শর্ত দেখতে পান।
এর মধ্যে জার্মানিতে পৌঁছানোর পর ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দেওয়ার শর্তও ছিল। তবে অফার লেটারে টোয়েফল (টিওইএফএল) পরীক্ষার একটি সনদের তথ্য দেখে বিস্মিত হন তিনি। কারণ, জীবনে কখনো টোয়েফল পরীক্ষায় অংশ নেননি ওই শিক্ষার্থী।
বিষয়টি নিয়ে এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয়, তার আইইএলটিএসের ফল ভালো না হওয়ায় এভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থী যেতে না চাইলে না যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানায় এজেন্সি। তবে নিজের অজান্তে এমন একটি পরীক্ষার সনদ কীভাবে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হলো, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওই শিক্ষার্থী।
শুধু জার্মানি নয়, ইতালি ও চেক প্রজাতন্ত্রের বিশ্ববিদ্যালয়ে অফার লেটার পাওয়া আরও দুই বাংলাদেশি শিক্ষার্থী একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বর্তমানে তারা ইউরোপে অবস্থান করছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় এজেন্সির মাধ্যমে জমা দেওয়া কাগজপত্রের সঙ্গে তাদের মূল সনদের কোনো মিল নেই।
ভুক্তভোগী ওই দুই শিক্ষার্থী বলেন, ইউরোপে পৌঁছে বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দিতে গিয়ে তারা সমস্যার মুখে পড়েন। অনলাইনে আবেদনের সময় জমা দেওয়া সনদের সঙ্গে তাদের মূল সনদের তথ্যের মিল খুঁজে পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি জানার পর তাদের ভর্তি বাতিলের কথা বলা হয়। একই সঙ্গে নতুন করে ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষায় অংশ নিয়ে পরবর্তী শীতকালীন সেমিস্টারে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশ্বাস দিয়ে কিছু এজেন্সি তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিচ্ছে। কিন্তু আবেদন করার সময় কোন কাগজপত্র ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে শিক্ষার্থীদের যথাযথভাবে জানানো হচ্ছে না। ফলে অফার লেটার হাতে পাওয়ার পর অনেকেই মনে করছেন, তাদের ভর্তি নিশ্চিত হয়েছে। অথচ ইউরোপে পৌঁছে মূল সনদ যাচাইয়ের সময় বেরিয়ে আসছে নানা অসংগতি।
জার্মানিতে থাকা শিক্ষাবিদ ড. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, শর্তযুক্ত অফার লেটার মানেই চূড়ান্ত ভর্তি নয়। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব শর্ত পূরণ এবং প্রয়োজনীয় মূল কাগজপত্র যাচাইয়ের পরই ভর্তি নিশ্চিত হয়। তাই কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করার আগে শিক্ষার্থীদের নিজেদের সব তথ্য ও সনদ যাচাই করা উচিত। বিশেষ করে ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার ফল বা সনদ তাদের অনুমতি ছাড়া আবেদনপত্রে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।
ভোরের আকাশ/ইউএম