প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে ইরাক ও ফ্রান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর এসব চুক্তি স্বাক্ষর হয়। খবর আনাদোলুর
ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে ভবিষ্যতে ফ্রান্সের কাছ থেকে ইরাকের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার একটি রোডম্যাপেও দুই দেশ একমত হয়েছে।
বৈঠকে সীমান্ত নিরাপত্তা এবং ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফরাসি প্রতিষ্ঠান হারমাতান এআই-এর মধ্যে একটি সমঝোতা, যার লক্ষ্য স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সহযোগিতা করা।
এ ছাড়া কামান, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তি নিয়ে ফরাসি কোম্পানিগুলোর সঙ্গে আরও আলোচনার পরিকল্পনা রয়েছে বাগদাদের।
শুধু সামরিক খাত নয়, দুই দেশের মধ্যে আরও কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে—
ইরাকের জন্য ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহ, টোটাল এনার্জিস-এর সঙ্গে গ্যাস খাতে সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল, গবেষণা ও উদ্ভাবন ও ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে সহযোগিতা।
বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ম্যাক্রোঁ ও আল-জাইদি। তারা উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
২০২৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্বের আওতায় অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও তারা একমত হয়েছেন।
ফ্রান্সে দুই দিনের সফর শেষে সোমবার দেশটি ছাড়েন ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে তার জার্মানি যাওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ/ইউএম