নিরাপত্তা ঝুঁকিতে সৌদি আরবে সতর্কতা জারি

সৌদি আরবের সিভিল ডিফেন্স দেশের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স নাগরিক ও স্থানীয় অধিবাসীদের ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্ক করে দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
জরুরি সতর্কতার আওতায় আনা এলাকাগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তঘেঁষা জাজান প্রদেশ, উত্তর-পশ্চিমাঞ্চলের আল-উলা গভর্নরেট এবং পশ্চিমাঞ্চলীয় তিন গুরুত্বপূর্ণ শহর—জেদ্দা, ইয়ানবু ও তাইফ।
সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসাধারণকে শান্ত থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কেবল সরকারি সূত্র ও অনুমোদিত গণমাধ্যমের ওপর চোখ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ঠিক কী কারণে বা কী ধরনের হুমকির আশঙ্কায় একযোগে দেশের এতগুলো গুরুত্বপূর্ণ ও উপকূলীয় অঞ্চলে এই জরুরি সতর্কতা জারি করা হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
ইয়েমেন সীমান্তবর্তী হওয়ায় জাজান এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। অন্যদিকে জেদ্দা, ইয়ানবু ও তাইফের মতো অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্রগুলোতে একই সময়ে সতর্কতা জারির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
ভোরের আকাশ/এসএইচ