শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টিতে গাজায় বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে, ডুবেছে ৭০ হাজার তাঁবু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারী বৃষ্টিতে গাজায় বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে, ডুবেছে ৭০ হাজার তাঁবু
ভারী বৃষ্টিতে গাজায় বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে, ডুবেছে ৭০ হাজার তাঁবু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৌসুমের প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়ে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শনিবার (৭ নভেম্বর) গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, টানা ১২ ঘণ্টার ভারী বর্ষণে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার বলে ধারণা করা হচ্ছে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির পর জরুরি সহায়তা চেয়ে বাস্তুচ্যুত বাসিন্দাদের কাছ থেকে প্রায় ১ হাজার ৫০০টি ফোন পেয়েছেন তারা। এ ছাড়া বৃষ্টির কারণে পরিত্যক্ত তিনটি ভবন ধসে পড়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

গাজা নগরীর একটি তাঁবুশিবিরে বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে বাসিন্দাদের নানা চেষ্টা করতে দেখা গেছে। কেউ ছেঁড়া তাঁবু মেরামত করছেন, কেউ বালু দিয়ে তাঁবুর ভেতরে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করছেন। আবার অনেকে জলমগ্ন তাঁবু থেকে শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ওলফাত মাগদুব নিজের তাঁবু থেকে পানি সরানোর চেষ্টা করছিলেন। তিনি বলেন, বৃষ্টির প্রথম দিনেই তাদের এমন দুরবস্থা হয়েছে। আবার বৃষ্টি হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ওলফাত জানান, দুই সপ্তাহ আগের বৃষ্টিতেও তাদের বিছানাপত্র পানিতে ভিজে গিয়েছিল। তখন টানা চার দিন মেঝেতে কম্বল বিছিয়ে ঘুমাতে হয়েছে। এবারও তোশকসহ সব বিছানাপত্র ভিজে গেছে। ফলে আবারও মেঝেতে ঘুমানো ছাড়া উপায় নেই।

পৌরসভা ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা বলছেন, জ্বালানির তীব্র সংকট এবং উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জামের অভাবে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবি, ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে বুলডোজার ও পানি নিষ্কাশনের গাড়িসহ শত শত যানবাহন ধ্বংস হয়েছে।

দীর্ঘদিনের এই যুদ্ধে গাজার ২০ লাখের বেশি মানুষের অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছেন। পুরো উপত্যকার বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত এসব মানুষের অনেকেই এখন খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন।

গাজায় প্রয়োজনীয় তাঁবু ও নির্মাণসামগ্রী প্রবেশে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস।

তবে হামাসের এই অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনীর ত্রাণ তৎপরতা সমন্বয়কারী সংস্থা সিওজিএটি। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভারী বৃষ্টির আশঙ্কা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজায় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নয়নে কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: