হুথিদের ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন

যুক্তরাজ্য সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, হুথিদের হামলা মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানকে ‘প্রতিরক্ষামূলক’ভাবে আকাশে জ্বালানি সরবরাহ করবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স। খবর আলজাজিরার।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্নহ্যাম। তিনি জানান, সৌদি আরব সামরিক সহায়তার অনুরোধ করেছিল। প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে তিনি সেই অনুরোধে সম্মতি দিয়েছেন। তবে এই সামরিক সহায়তা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হবে। পরিস্থিতি পর্যালোচনা করে এর মেয়াদ বাড়ানো বা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে আবারও সংঘাত বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব যুক্তরাজ্যের কাছে সহায়তা চায়। হুথিরা সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শনিবার রিয়াদকে লক্ষ্য করে চালানো একটি হামলা প্রতিহত করা হয়।
এর পাশাপাশি ইয়েমেনের ভেতরেও হুথিরা অগ্রসর হয়েছে। তারা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা এবং লোহিত সাগরের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে বাব আল-মান্দাব প্রণালির জাহাজ চলাচলের ওপর নজরদারি করার সক্ষমতা তাদের বেড়েছে। এই পথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য পরিবহন হয়।
বার্নহ্যাম বলেন, সৌদি আরব হামলার শিকার হচ্ছে এবং আরও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই ব্রিটেনের স্বার্থ ও বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথগুলো সচল রাখা প্রয়োজন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের এই সহায়তা শুধু সৌদি আরবের প্রতিরক্ষামূলক অভিযানে সীমাবদ্ধ থাকবে। হুথিদের বিরুদ্ধে সরাসরি হামলায় সৌদি বিমানকে সহায়তা করার জন্য ব্রিটিশ বাহিনী ব্যবহৃত হবে না। আগামী কয়েক দিনের মধ্যে একটি রয়্যাল এয়ার ফোর্স ভয়েজার বিমান সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহের কাজে যুক্ত হতে পারে।
ব্রিটেন ও সৌদি আরবের মধ্যে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য সৌদি আরবের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ।
এর আগে চলতি বছর সৌদি আরবকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষায় ব্রিটেন সেখানে ‘স্কাই সাবর’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছিল।
ভোরের আকাশ/ইউএম