হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপ

হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের অন্তত ছয়জন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—ইউরোপের এমন উদ্বেগ এখনও কাটাতে পারেনি সৌদি আরব। এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি ভূখণ্ডে হামলা চালাচ্ছে হুথিরা।
ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই রিয়াদ এ কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।
অবশ্য ইইউর নিষেধাজ্ঞার তালিকায় আগে থেকেই রয়েছে হুথিরা। তাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারির পাশাপাশি গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দ করার পদক্ষেপও নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে হুথিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ।
তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো পশ্চিমা দেশগুলো হুথিদের সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেও ইউরোপীয় ইউনিয়ন এখনও সে পথে হাঁটেনি।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করে। এরপর দেশটির সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।
ভোরের আকাশ/ইউএম