ইউরোপের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন

ইউরোপে রাশিয়ার হামলার আশঙ্কা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ন্যাটোর কয়েকটি সদস্য দেশও এ নিয়ে সতর্ক করে আসছে। তবে ইউরোপের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তব কারণ নেই এবং কোনো ধরনের সংঘাতের প্রস্তুতিও রাশিয়া নিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন।
তিনি বলেন, ইউরোপের অনেকেই রাশিয়ার হামলার আশঙ্কার কথা বলছেন। এ কারণে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন। তবে, ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
তার মতে, ইউরোপের সঙ্গে উত্তেজনা বাড়ানোরও কোনো বাস্তব কারণ নেই রাশিয়ার। এসময় রাশিয়ার হামলার আশঙ্কা নিয়ে সতর্ক করা ইউরোপীয় দেশগুলোর সমালোচনাও করেন তিনি।
এদিকে, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরুর বিষয়েও কথা বলেন পুতিন। তিনি জানান, আলোচনা শুরুর বিষয়ে সব প্রস্তাবই এখনো আলোচনার টেবিলে রয়েছে। তবে, সম্প্রতি ইউক্রেনীয় হামলার পর রাশিয়া কী পদক্ষেপ নেবে, তা সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে।
পুতিন জানান, গত সপ্তাহের রুশ পার্লামেন্ট নির্বাচনের পর ইউক্রেনের সঙ্গে আবার আলোচনা শুরুর বিষয়ে রাশিয়া প্রস্তুত ছিল। তবে, এরপর মস্কো ও ভোটকেন্দ্রগুলোতে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এসব ঘটনার পর শান্তি আলোচনা আবার শুরু করা হবে কি না, তা নিজেদের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে রাশিয়া।
অন্যদিকে, ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের কয়েকটি দেশ নিজেদের ভূখণ্ডে সম্ভাব্য রুশ হামলা বা গোপন তৎপরতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। এ নিয়ে তারা বিভিন্ন সময় সতর্কও করেছে।
চলতি মাসের শুরুতে জার্মানি অভিযোগ করে, গত আগস্টে লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পরিকল্পনা করেছিল মস্কো। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে পোল্যান্ডও সতর্ক করে বলেছে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ওপর রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
সূত্র: এএফপি
ভোরের আকাশ/এনএস