ইউরোপের যে পাঁচ দেশে হামলা চালানোর হুমকি ইরানের

আবারও পশ্চিমা সামরিক আগ্রাসনের শিকার হলে ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি তছনছ ও গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের এক কট্টরপন্থী রাজনৈতিক বিশ্লেষক।
তার দাবি, সামরিক সক্ষমতার ক্ষেত্রে ২ হাজার কিলোমিটারের ভৌগোলিক সীমারেখা তুলে নেওয়ার বার্তা দিয়েছে ইরান। নতুন করে আক্রান্ত হলে ইউরোপের অন্তত পাঁচটি দেশ ইরানের তীব্র সামরিক রোষানলের শিকার হবে। ইউরোপীয় ভূখণ্ডে আঘাত হানা এসব ক্ষেপণাস্ত্রের গতি গতি শব্দের গতির হবে ১৬ গুণ বা ম্যাক ১৬।
বুধবার (১১ নভেম্বর) ফারসি ভাষায় প্রকাশিত ডানপন্থি সংবাদপত্র কায়হানে প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব কথা বলেন ইরানি রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হাসান রাশভান্দ। ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটি ব্যবহার করে আবারও ইরানে হামলা চালানো হলে সেগুলো পুরোপুরি তছনছ ও গুঁড়িয়ে দেওয়ার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদকীয়তে বলা হয়, ইরানের উচিত মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপ ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দেওয়া। ইরানের বিভিন্ন স্থানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্রভান্ডার ও গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব স্থাপনা মিলে দেশজুড়ে ‘একটি অজানা ও দুর্ভেদ্য দুর্গ’ তৈরি করেছে বলে দাবি করেছে পত্রিকাটি।
কায়হানের দাবি, ইরানের প্রতিরক্ষা শিল্পের ‘লৌহমুষ্টি’ হিসেবে পরিচিত খোররামশাহর-৪ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন ১ হাজার ৫০০ কেজি। ক্ষেপণাস্ত্রটির মোট ওজন ৩০ টন। মাঝপথে এর গতি শব্দের গতির ১৬ গুণ বা ম্যাক ১৬-এ পৌঁছায়। সমুদ্রপৃষ্ঠে শব্দের স্বাভাবিক গতি ঘণ্টায় প্রায় ১ হাজার ২৩৫ কিলোমিটার। সেই হিসাবে ম্যাক ১৬ গতির অর্থ ঘণ্টায় প্রায় ১৯ হাজার ৭৬০ কিলোমিটার।
বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্ষেপণাস্ত্রটির গতি থাকে ম্যাক ৮। এ গতিতে এটি ১২ মিনিটেরও কম সময়ে ২ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে বলে সম্পাদকীয়তে দাবি করা হয়েছে। এতে আরও বলা হয়, রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা, ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা এবং জিপিএস ছাড়াই চলার বৈশিষ্ট্য ক্ষেপণাস্ত্রটিকে আকাশে ‘চলমান দুর্গে’ পরিণত করেছে। ফলে শত্রুপক্ষের ইলেকট্রনিক ব্যবস্থা ব্যাহত করার প্রচেষ্টাও নিষ্ক্রিয় হয়ে যায়।
সম্পাদকীয়তে হাসান রাশভান্দ আরও বলেন, ‘এখন ক্ষেপণাস্ত্রের ভৌগোলিক সীমা তুলে নেওয়ায় শত্রুপক্ষকে আইআরজিসির ক্ষেপণাস্ত্রের নতুন গর্জন শুনতে হবে। জার্মানি, ইংল্যান্ড, আলবেনিয়া, গ্রিস, সাইপ্রাসসহ কয়েকটি প্রতিবেশী দেশে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এর আওতায় আসতে পারে। এসব দেশের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড়তে দেখলেও ইরান এখন পর্যন্ত সংযম দেখিয়েছে।’
উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমাদের যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে ইরানের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক।
এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক উদ্বেগ ও ট্রাম্প প্রশাসনের নতুন হুমকি-ধামকির জবাবে ইরানের অভ্যন্তরীণ সংবাদমাধ্যমগুলো এখন থেকেই দেশের জনগণকে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে।
কায়হানের মতো কট্টরপন্থি পত্রিকাগুলোর এই চরম অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান এই অচলাবস্থা কেবল কূটনৈতিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তা যে কোনো মুহূর্তে বৈশ্বিক এক বড় ধরনের সামরিক সংঘাতের রূপ নিতে পারে।
ভোরের আকাশ/এনএস