ইরান যুদ্ধ বন্ধে পুরোনো কৌশলে ডেমোক্র্যাটরা, ট্রাম্পকে থামানো যাবে?

ভিয়েতনাম যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মার্কিন কংগ্রেসের অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত। এবার ইরান যুদ্ধ বন্ধেও একই কৌশল নিতে চান ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক অভিযানে অর্থায়ন বন্ধে ডিসেম্বরেই চাপ সৃষ্টির পরিকল্পনা করছেন তারা। তবে এতে আমেরিকায় আবারও সরকার অচল হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি এসব তথ্য উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। নতুন কংগ্রেসের দায়িত্ব নেওয়ার আগেই ইরান যুদ্ধ বন্ধে অর্থায়ন বন্ধের উদ্যোগ নিচ্ছেন দলটির আইনপ্রণেতারা।
এ লক্ষ্যে ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি সংস্থাগুলোর অর্থায়ন অব্যাহত রাখার বিলে ইরানে সামরিক অভিযানে অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা যুক্ত করতে চান তারা।
তবে এ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। কেউ অর্থায়ন বন্ধের পক্ষে থাকলেও, অনেকে সরকার অচল করার ঝুঁকি নিতে চান না। বিল পাস না হলে ১২ ডিসেম্বর থেকে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।
যুদ্ধ বন্ধে অর্থায়ন আটকে দেওয়ার কৌশলে ভিয়েতনাম যুদ্ধের নজির টানছেন আইনপ্রণেতারা। ১৯৭৩ সালে কেইস-চার্চ সংশোধনীর মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন অর্থায়ন বন্ধ করে দেয় কংগ্রেস। এর ২ বছর পর পতন ঘটে দক্ষিণ ভিয়েতনাম সরকারের।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। কংগ্রেসের নিয়ন্ত্রণ আরও ৬ সপ্তাহ রিপাবলিকানদের হাতে থাকায় ট্রাম্প ডেমোক্র্যাটদের উদ্যোগে ভেটো দিতে পারেন। সেই ভেটো ঠেকাতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ সমর্থন, যা ডেমোক্র্যাটদের নেই।
এদিকে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালানোর অভিযোগে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে, রিপাবলিকানদের দাবি, যুদ্ধের ব্যয় বেশি হলেও অভিযান শেষ করা প্রয়োজন।
ফলে বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের এই কৌশলে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক সমীকরণ।
ভোরের আকাশ/এনএস