যুক্তরাষ্ট্র-ভারতের সামরিক মহড়া
অত্যাধুনিক হাউইটজার কামানের গোলাবর্ষণের অনুশীলন

ভারত ও যুক্তরাষ্ট্রের চলমান বার্ষিক যৌথ সামরিক মহড়া 'যুদ্ধ অভ্যাস ২০২৬' -এর অংশ হিসেবে রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অত্যাধুনিক এম৭৭৭ আল্ট্রা-লাইট হাউইটজার কামানের লাইভ গোলাবর্ষণের অনুশীলন সম্পন্ন হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই যৌথ মহড়াটি একযোগে রাজস্থান ও উত্তরাখণ্ডের আউলিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উভয় দেশের প্রায় ৬০০ করে মোট ১২০০ সেনাসদস্য অংশ নিচ্ছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অনুশীলনে উভয় বাহিনীর আর্টিলারি সক্ষমতা এবং যৌথ কৌশলগত সমন্বয় তুলে ধরা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ভারতীয় আর্টিলারি দলের সদস্যরা এম৭৭৭ হাউইটজার কামান দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যে গোলাবর্ষণের সক্ষমতা প্রদর্শন করে।
এম৭৭৭ আল্ট্রা লাইট হাউইটজার হালকা ওজনের অত্যাধুনি শক্তিশালী কামান; যা দিয়ে সর্বোচ্চ ১৫৫ মিলিমিটারের দূরে লক্ষ্যে গোলাবর্ষণ করা যায়। এটি মূলত ব্রিটিশ সেনাবাহিনীর নকশাকৃত দূরপাল্লার অস্ত্র, যা বর্তমানে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়। প্রথাগত ভারী কামানের তুলনায় এটি ওজনে অত্যন্ত হালকা হওয়ায় একে ‘আল্ট্রা লাইট’ বা অতি হালকা বলা হয়ে থাকে।
খবরে বলা হয়, গোলাবর্ষণের সফল অনুশীলনের পর সফররত মার্কিন সেনারা ভারতের সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যুদ্ধের অভিজ্ঞতা, কৌশল ও কার্যপদ্ধতি আদান-প্রদান করেন। মূলত এম৭৭৭ হাউইটজার ব্যবহারের ওপর একটি লেকচার ও ব্যবহারিক প্রদর্শনীর ধারাবাহিকতায় এই লাইভ ফায়ারিং পরিচালনা করা হয়।
এএনআইর প্রতিবেদন অনুযায়ী, ওই অধিবেশনে এই আর্টিলারি সিস্টেমের প্রযুক্তিগত ও কৌশলগত দিকগুলো বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ছিল কামানের অবস্থান নির্ধারণ, স্থানীয় প্রতিরক্ষা সমন্বয়, প্রতিপক্ষের গোলাবর্ষণের মুখে বিকল্প অবস্থানে সরে যাওয়া এবং গোলাবর্ষণ করেই দ্রুত স্থান ত্যাগের অনুশীলন।
ভারত ও মার্কিন সামরিক মহড়া ২২তম ‘যুদ্ধ অভ্যাস’ গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়। দুই সপ্তাহব্যাপী এই মহড়াটি উত্তরাখণ্ডের অউলি ফরেইন ট্রেনিং নোড এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে একযোগে পরিচালিত হচ্ছে। উভয় দেশের পক্ষ থেকে প্রায় ৬০০ করে সেনাসদস্য এতে অংশ নিচ্ছেন।
ভোরের আকাশ/আ.র