মক্কা জোট হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’ একটি যুগান্তকারী বা ‘গেম চেঞ্জিং প্ল্যাটফর্ম’ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোটের অগ্রগতি ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত কথা বলেন।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, তিন দেশের শক্তিশালী রাজনৈতিক ইচ্ছার ওপর ভর করে জোটটির কাজ দ্রুত এগিয়ে চলেছে। খুব শিগগিরই এর মূল কার্যালয় চালু করে প্রয়োজনীয় সামরিক কর্মকর্তা মোতায়েন করা হবে।
হাকান ফিদান স্পষ্ট করে বলেন, এই জোট কিন্তু কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে শত্রুতা তৈরি করার জন্য নয়। বরং এই অঞ্চলের দেশগুলো যেন নিজেদের প্রতিরক্ষা নিজেরা জোরদার করতে পারে এবং নিজেদের মধ্যকার সমস্যাগুলোর সমাধান নিজেরাই খুঁজে নিতে পারে, সেজন্যই এই উদ্যোগ। বিশেষ করে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় এবং দেশটির ওপর হামলা ঠেকাতে আঙ্কারা পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। ইসরাইল বা ভারতের মতো দেশগুলো এই উদ্যোগকে যেভাবে ‘কাগজে-কলমে বন্দি’ বলে টিপ্পনী কাটছে, তা হেসেই উড়িয়ে দেন ফিদান। তার মতে, তাদের এই বিরোধিতাই প্রমাণ করে যে মক্কা জোট কতটা প্রভাবশালী হতে চলেছে।
গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অস্থিরতা প্রসঙ্গেও কথা বলেন ফিদান। তিনি অভিযোগ করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গাজা ও সিরিয়ায় একের পর এক সংকট তৈরি করে চলেছেন।
তবে ফিলিস্তিনের জনগণের জন্য আঙ্কারা তার সব কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটির পুনর্গঠনে তুরস্ক কাজ করে যাচ্ছে এবং ন্যাটোর শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান ও প্রেসিডেন্ট আহমদ আল-শারার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আঞ্চলিক শান্তি ফেরাতে পদক্ষেপ নিচ্ছে।
সাক্ষাৎকারের শেষ অংশে বিশ্ব রাজনীতির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ফিদান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সম্পর্ক উন্নত করা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কৃষ্ণসাগরে শস্য সরবরাহ বজায় রাখা এবং গ্রিসের সাথে এজিয়ান সাগরের উত্তেজনা কমানোর বিষয়ে তুরস্কের কৌশলগত অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে ভবিষ্যতের একটি জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির এই নতুন যুগে নিজেদের শক্তি বজায় রাখতে তুরস্ককে শক্তিশালী ডেটা সেন্টার ও নিজস্ব প্রযুক্তি গড়ে তুলতে হবে।
ভোরের আকাশ/আ.র