ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৩টা ৩১ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২৩ ডলারে পৌঁছায়।
এর আগে এশিয়ার সকালের লেনদেনে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমে গিয়েছিল। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের আগ পর্যন্ত বাজারে তেলের দাম স্থিতিশীল ছিল অথবা নিম্নমুখী প্রবণতায় লেনদেন হচ্ছিল।
ভোরের আকাশ/এম