সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয় জানায়, ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ২২২ জন প্রবাসীকে আটক করা হয়। এসব অভিযানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা অংশ নেয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ৬ জন রয়েছেন।
আটকদের মধ্যে প্রায় ২০ হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৯২০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৭৮৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইথিওপীয় ও ইয়েমেনি নাগরিকের সংখ্যা বেশি। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টায় ৩৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ ব্যক্তিকেও আটক করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ২৫ হাজার ৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ এবং ২ হাজার ৫০২ জন নারী।
সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ায় সহায়তার শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।
মরু অঞ্চলভিত্তিক এই দেশে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী শ্রমিক। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশটিতে নিয়মিত ধরপাকড় অভিযান চালানো হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
ভোরের আকাশ//হ.র