মহাকাশে পারমাণবিক অস্ত্রসহ স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) জার্মানির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি ও দেশটির সামরিক বাহিনীসহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে তথ্য বিনিময় করেছে। তাদের পাওয়া তথ্য অনুযায়ী, কয়েক বছর আগেই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। বর্তমানে এটি মস্কো অঞ্চলে অবস্থান করছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য জার্মানিতে রাশিয়ার দূতাবাস, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি এবং ব্রাসেলসে অবস্থিত ন্যাটো সদর দফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র তৈরির মার্কিন অভিযোগ অস্বীকার করেছিল রাশিয়া।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কয়েক বছর ধরেই এমন একটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে মস্কো, যা মহাকাশে বিস্ফোরিত হলে একসঙ্গে বিপুলসংখ্যক স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম হবে।
এ ধরনের অস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশাল স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক। ইউক্রেনীয় সেনারা যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ইন্টারনেট সেবা পেতে এই নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন।
মহাকাশে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে তা শুধু সামরিক স্যাটেলাইট নয়, বৈশ্বিক যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থার জন্যও বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
ভোরের আকাশ/আ.র