শিরোনাম
মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলমোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদল

মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ১৫ হাজার কোটি ভারতীয় রুপির (২৪ হাজার কোটি নেপালি রুপি) অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদসহ বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে—বৈঠক শেষে যৌথ বিবৃতিতে মোদি বলেন, নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধার, জনপদ পুনর্গঠন এবং বন্যায় বাড়িঘর ও জীবিকা হারানো মানুষদের সহায়তা করা হবে।

গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যায় ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয় এবং ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ হন। এই দুর্যোগের পর দেশটির পুনরুদ্ধার কার্যক্রমে ভারতের ঘোষিত সহায়তাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে ৩৫ বছর বয়সী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উন্নয়ন পরিকল্পনা ও দূরদর্শিতার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, চলতি বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনরায় দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন।

মোদি বলেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে আসায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। কয়েক মাস আগে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর দেওয়া বক্তব্যে আমরা তাঁর দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতার স্পষ্ট পরিচয় পেয়েছি। গত কয়েক ঘণ্টার আলোচনায় নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্কের বিষয়ে তাঁর সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার উপলব্ধি করেছি।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী দেশ নয়; দীর্ঘদিনের আস্থা ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ দুই রাষ্ট্র। দুই দেশের আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জের মধ্যে মিল রয়েছে এবং কঠিন সময়ে তারা একে অপরের পাশে দাঁড়ায়। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে মোদি বলেন, প্রতিবেশী প্রথম (নেইবারহুড ফার্স্ট) নীতির ধারাবাহিকতায় জ্বালানি সরবরাহসংক্রান্ত গুরুতর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও চলতি বছর নেপালে জ্বালানি, সার, পেট্রোলিয়াম পণ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ অব্যাহত রেখেছে ভারত।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই নেপালের জন্য পেট্রোলিয়াম পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে নয়াদিল্লি।

অন্যদিকে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি। ভারত ও নেপালের সম্পর্কের গভীরতা তুলে ধরে শাহ বলেন, দুই দেশের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্কের ব্যাপ্তি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময়ে ভারতের সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শাহ বলেন, ‘নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো সুদৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত। আমাদের পারস্পরিক ঘনিষ্ঠতা এতটাই গভীর যে শুধু শব্দ দিয়ে তা প্রকাশ করা প্রায় অসম্ভব। নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে ভারত প্রাকৃতিক দুর্যোগ এবং কঠিন সময়ে সব সময় প্রথম সাড়া প্রদানকারী দেশ হিসেবে পাশে দাঁড়িয়েছে। এ জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

বৈঠকে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তির আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন এবং নতুন কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব উদ্যোগের মধ্য দিয়ে ভারত-নেপাল সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত রয়েছে। ফলে দুই দেশের নাগরিকেরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন। ঐতিহাসিকভাবে নেপালের ওপর ভারতের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে ভূখণ্ডগত বিরোধ এবং নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

অন্যদিকে, গত কয়েক বছরে নেপালে নিজেদের প্রভাব ও উপস্থিতি বাড়িয়েছে চীন। দেশটিতে বিমানবন্দর, মহাসড়ক এবং জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করেছে বেইজিং। চীনের ক্রমবর্ধমান প্রভাব সত্ত্বেও স্থলবেষ্টিত নেপাল জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে দুই দেশের জ্বালানি সহযোগিতা এখন ক্রমেই দ্বিমুখী রূপ নিচ্ছে। বর্তমানে নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে ভারত।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: