বেলজিয়ামে ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে সব বাণিজ্যিক ফ্লাইট

দেশজুড়ে ধর্মঘটের কারণে বেলজিয়ামের সব বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। দেশটির আকাশসীমা ও বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা Skeyes-এর এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা এই ধর্মঘটে যোগ দেওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রোববার (২২ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেলজিয়ামের বিমানবন্দরগুলো এবং প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন আকাশসীমায় নিয়মিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা স্থগিত থাকবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পর্যাপ্ত জনবল না থাকায় স্বাভাবিক বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হবে না। তবে এ সময় জরুরি ও নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় ফ্লাইটগুলো চলাচলের অনুমতি পাবে।
এদিকে ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিমানবন্দরটি দিয়ে ৪২৯টি ফ্লাইটে প্রায় ৫৯ হাজার ৫০০ যাত্রীর যাতায়াতের কথা ছিল। এর মধ্যে ২১৩টি ফ্লাইট ছেড়ে যাওয়ার এবং ২১৬টি ফ্লাইট অবতরণের কথা রয়েছে।
ধর্মঘটের কারণে এসব ফ্লাইটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভোরের আকাশ/আ.র