চাকরি হারানোর শঙ্কায় হাজারো অভিবাসী, ছাড়তে হবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটির কনসাল্টিং বিভাগে অধিকাংশ পদে কর্মরত বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। এ সিদ্ধান্তের ফলে হাজারো অভিবাসী পেশাজীবী সংকটে পড়তে পারেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইবিএমের কনসাল্টিং বিভাগে কর্মরত যেসব কর্মী এ সিদ্ধান্তের আওতায় পড়বেন, তাদের যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে স্থানান্তরিত হয়ে কাজ চালিয়ে যেতে হবে, অথবা চাকরি ছাড়তে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
যারা বিদেশে স্থানান্তরিত হতে রাজি হবেন না, তাদের তিন মাসের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হবে। তাদের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।
আইবিএম কনসাল্টিং প্রতিষ্ঠানটির বৃহত্তম ব্যবসায়িক বিভাগ। বিশ্বজুড়ে এ বিভাগে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। তবে এ সিদ্ধান্তে ঠিক কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন কিংবা তাদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে কর্মরত, তা এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
বিশেষ করে এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বিদেশি কর্মীদের জন্য এ সিদ্ধান্ত বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, যুক্তরাষ্ট্রে অনেক বিদেশি পেশাজীবীর বৈধভাবে কাজ করা এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়া নিয়োগকর্তার স্পনসরশিপের ওপর নির্ভরশীল।
বিপুলসংখ্যক অভিবাসী পেশাজীবী যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেন। ফলে আইবিএমের এ সিদ্ধান্ত তাদের কর্মসংস্থান ও যুক্তরাষ্ট্রে অবস্থানের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/এনএস