আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলার বিষয়টি আগেই টের পেয়েছে তারা। তাই ক্ষেপণাস্ত্র দুটি ছোড়ার কিছুক্ষণ আগেই লাখিশ ও আশদোদ এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল।
আইডিএফের বিবৃতি অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া, গাজা থেকে কোন গোষ্ঠী ইসরায়েলে এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। উপত্যকাটি ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক বিমান ও স্থল অভিযান চলমান থাকায় সেখান থেকে ইসরায়েলে এই ধরনের হামলার ঘটনা কিছুটা হলেও অস্বাভাবিক।
এদিকে রোববার ভোর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলার শিকার হয়ে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় দুই বছর ধরে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা দখলের চেষ্টায় টানা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের নির্বিচার হামলায় পুরো ফিলিস্তিনি ভূখণ্ড এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবারও ইসরায়েলি হামলায় উপত্যকাটি জুড়ে অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের অধিকাংশই গাজা সিটির বাসিন্দা।
ভোরের আকাশ/এসএইচ