নিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এতে দুই স্থাপনার বেশ কয়েকজন মানুষ আটকা পড়েন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত ১৯ জন হতাহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন নিহত, চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে। এ ছাড়া একজন অন্তঃসত্ত্বা নারীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া এক দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক মানুষকে বের করে আনছেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের স্ট্রেচারে করে উদ্ধার করছেন। তাদের মই দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধার অভিযানে পুলিশ, প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
তবে উদ্ধার অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনটির অবশিষ্ট অংশ এবং আশপাশের স্থাপনা আরও ধসে পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার জানিয়েছেন, ধ্বংসস্তূপের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। উদ্ধার অভিযান দীর্ঘ সময় ধরে চালাতে হতে পারে।
নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিতো জানান, ভবনটি ধসে পড়ার সময় পাশের নির্মাণস্থলে শ্রমিকেরা কাজ করছিলেন। তারা সেখানে খননকাজ করছিলেন। ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নগর কর্তৃপক্ষের ভবন বিভাগ।
নগরীর রেকর্ড অনুযায়ী, ১৯৩০ সালে নির্মিত ভবনটিতে চারটি আবাসিক ও একটি বাণিজ্যিক ইউনিট ছিল। এদিকে পাশের নির্মাণস্থলে অবৈধভাবে ভাঙার কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে গত এপ্রিলে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছিল। অক্টোবরে প্রতিষ্ঠানটি ১০ হাজার ডলার জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় রেডক্রসের একটি সহায়তা কেন্দ্রও চালু করা হয়েছে।
এদিকে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি উদ্ধারকারীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিএনএন
ভোরের আকাশ/ইউএম