শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি: ইরান

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণ এবং তেহরানের দেওয়া শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া এক অধিবেশনে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা দেন।
গালিবাফ বলেন, ‘প্রতিপক্ষ ভালোভাবেই জানে, প্রতারণা ও একতরফা চাপ প্রয়োগের পথ বন্ধ। ইরানি জনগণের বৈধ অধিকার স্বীকৃত না হওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আগের আলোচনার অবস্থায় ফেরার বা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো সুযোগ নেই।’
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয় গত ২৮ ফেব্রুয়ারি। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে পাল্টা জবাব দেয় তেহরান। অঞ্চলটির বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইরান।
এরপর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তেহরান। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
পরবর্তী সময়ে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়। এতে সামরিক অভিযান বন্ধ এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল পুনরায় চালুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল।
তবে কৌশলগত এই জলপথে নৌ চলাচল ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই দেশের মতবিরোধ দেখা দিলে শেষ পর্যন্ত চুক্তিটি ভেঙে পড়ে। এর পর থেকেই হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ভোরের আকাশ/আ.র