যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান তীব্র উত্তেজনার মাঝে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম এবং সাম্প্রতিক বক্তব্যে তিনি ইরানের এই অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
শুক্রবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জীববৈচিত্র্যবিষয়ক জাতিসংঘের কনভেনশনের ১৭তম পক্ষ সম্মেলন (কপ-১৭)-এর ফাঁকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। আমাদের দেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রচারণাকে আমরা মিথ্যা বলে মনে করি। পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করার বিষয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।
ইরান বরাবরই আলোচনায় প্রস্তুত জানিয়ে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে। কিন্তু আমরা জোরজবরদস্তির কাছে নতি স্বীকার করব না।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। ইরানের ওপর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অযৌক্তিক ও অমানবিক বলে বর্ণনা করেন পেজেশকিয়ান।
বৈঠকে জর্জিয়ার প্রধানমন্ত্রী কোবাখিদজে বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে তার দেশ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল এবং অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করে তেহরান।
এরপর ৮ এপ্রিল সংঘাতরত পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি হয়। ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অঞ্চলটির সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওই সমঝোতা অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুই দেশের ১৭ আগস্টের মধ্যে আলোচনা করার কথা ছিল। তবে উত্তেজনা অব্যাহত থাকায় চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
ভোরের আকাশ/আ.র