ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে ৪ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাউন্ট ব্রোমো এলাকায় দাবানল নেভাতে গিয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা বেড়ে চারে দাঁড়ায়। নিহতদের মধ্যে দুজন ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানের কর্মকর্তা এবং অন্য দুজন হোটেলকর্মী।
প্রোবোলিঙ্গো জেলার প্রধান মুহাম্মদ হারিস জানান, জাতীয় উদ্যানটিতে প্রায় প্রতিবছরই দাবানলের ঘটনা ঘটে। তবে এর আগে আগুন নেভাতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেনি।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে নিতে প্রাথমিকভাবে ১২ জন প্রচলিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে কাজ শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের দলটি ভাগ হয়ে যায়। এ সময় বাতাসের গতিপথ দ্রুত পরিবর্তিত হলে ছয়জন আগুনের মধ্যে আটকা পড়েন।
এদিকে, ইন্দোনেশিয়ায় এবার অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে শুষ্ক মৌসুম চলছে। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়।
দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও পরিবর্তনশীল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। মাউন্ট ব্রোমোর এ ঘটনায় জাতীয় উদ্যানের নিরাপত্তা ও দাবানল মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভোরের আকাশ/ইউএম