পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা, বিপদে ভারত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার কারণে বিকল্প রুট খুঁজছে ভারত। ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাম জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক ও কৌশলগত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় নিবন্ধিত সব ধরণের বাণিজ্যিক ও সামরিক বিমানের ওপর আকাশপথ ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে পাকিস্তান সরকার। সম্প্রতি ইসলামাবাদ এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করেছে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, চীনের হোতান হয়ে বিকল্প বিমানপথ চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে ভারত। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশগ্রহণের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরো সক্রিয় হয়েছে। এর মধ্যেই বিকল্প বিমানপথ নিয়ে আলোচনার বিষয়টি সামনে এলো।
শি জিনপিংয়ের দিল্লি সফরের আগে চায়না সাউদার্ন এয়ারলাইনসও ভারত-চীন সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ঘোষণা দেয়। ২১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু-নয়াদিল্লি রুটে আবারো সরাসরি ফ্লাইট চালু করেছে চীনা এই বিমান সংস্থা। প্রায় ছয় বছর বন্ধ থাকার পর রুটটি পুনরায় চালু করা হলো।
কোভিড-১৯ মহামারির কারণে ভারত ও চীনের মধ্যে বিমান যোগাযোগ দীর্ঘ সময় ব্যাহত ছিল। পরে দুই দেশের সীমান্তে উত্তেজনার কারণেও সরাসরি ফ্লাইট স্বাভাবিক হতে সময় লাগে। বর্তমানে ধীরে ধীরে সেই বিমান যোগাযোগ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চায়না সাউদার্ন জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় তারা আটটি রুটে প্রতি সপ্তাহে ১০০টির বেশি ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আকাশপথে যোগাযোগ আরো জোরদার করার লক্ষ্য রয়েছে।
ভারতীয় বিমান সংস্থাগুলোর মধ্যে ইন্ডিগো প্রথম চীন-ভারত সরাসরি ফ্লাইট পুনরায় চালু করে। ২০২৫ সালের অক্টোবরে কলকাতা-গুয়াংজু রুটে ফ্লাইট চালুর মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পরের মাসে দিল্লি-গুয়াংজু রুটেও সরাসরি ফ্লাইট চালু করে সংস্থাটি।
এরপর এয়ার ইন্ডিয়া প্রায় ছয় বছর পর চীনের মূল ভূখণ্ডে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি দিল্লি-সাংহাই রুটে ফ্লাইট শুরু করে এয়ার ইন্ডিয়া। শুরুতে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হলেও ২৯ মার্চ থেকে তা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করা হয়।
তবে ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা এখনো একটি বড় সমস্যা হয়ে রয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে দীর্ঘপথে ঘুরে বিমান চলাচল করতে হচ্ছে ভারতীয় এয়ারলাইনসগুলোকে। এতে সময় ও পরিচালন ব্যয়—দুটিই বাড়ছে।
দুই সপ্তাহ আগেও পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে। ২০২৫ সালের পাহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতও ঘটে। সেই উত্তেজনার প্রভাব এখনো দুই দেশের বিমান চলাচলে রয়েছে।
এই পরিস্থিতিতে চীনের জিনজিয়াংয়ের আকাশসীমা ব্যবহার করে বিকল্প রুট চালুর উদ্যোগ ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা এখনো চলমান এবং বিকল্প রুটটি কবে নাগাদ বাস্তবায়ন হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।
ভোরের আকাশ/আ.র