পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৬ অক্টোবর) রাতেই রওনা হবেন তিনি। মস্কোয় অনুষ্ঠেয় এই সম্মেলনে বক্তব্য দেয়ার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে দুই দেশের সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে পেজেশকিয়ানের। সেখানে তিনি বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
এক দিনের এ সফরে সম্মেলনে অংশ নেয়া অন্য দেশগুলোর নেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন ইরানের প্রেসিডেন্ট। এর আগে গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, চলতি সপ্তাহে মস্কোয় পেজেশকিয়ান ও পুতিনের মধ্যে বৈঠক হবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে আরাগচি বলেন, গত ১৯ অক্টোবর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের তেহরান সফরের সময় যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, আসন্ন বৈঠকে সেগুলো নিয়ে পরবর্তী আলোচনা হবে।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতেই তার এ সফর।
তিনি আরও বলেন, এ সফরে মস্কোর সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে আলোচনা করার সুযোগ তৈরি হবে।
প্রসঙ্গত, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম (জিইসিএফ) একটি আন্তঃসরকারি সংস্থা। ইরান, রাশিয়া, কাতার ও আলজেরিয়াসহ বিশ্বের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলো এ সংস্থার সদস্য।
ভোরের আকাশ/জেআ