ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাগিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
সোমবার (৫ অক্টোবর) সংবিধানের ১৩৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার মনোনয়ন সংসদে পাঠানো হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
মেহরদাদ আখলাগি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানটি দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন কার্যক্রম তদারকি করে।
সর্বশেষ তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর দিকে নিহত হওয়ার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে সামরিক কর্মকর্তারা পালন করেন।
এবার মেহরদাদ আখলাগিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হলো। তবে দায়িত্ব নেওয়ার আগে তাকে ইরানের সংসদে অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সংসদের অনুমোদন পাওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
ভোরের আকাশ/ইউএম