রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক

কৃষ্ণসাগরে রুমানিয়ার জলসীমার বাইরে একটি তুর্কি মালিকানাধীন বেসামরিক পণ্যবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুইজন নাবিক নিহত এবং এক ভারতীয়সহ কয়েকজন আহত হয়েছেন।
বেসামরিক জাহাজে এই ধরনের আক্রমণকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) থেকে প্রাপ্ত তথ্যের বরাতে এই খবর জানিয়েছে এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুমানিয়ায় ভারতীয় দূতাবাস জানায়, 'এমভি রিয়াদ মামাদোভ' নামের বাণিজ্যিক জাহাজে হামলায় আগুন ধরে যায়। ওই জাহাজে থাকা তিন ভারতীয় নাবিকের মধ্যে একজন আহত হয়ে রুমানিয়ার কনস্টান্টা কাউন্টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রুমানিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মনোজ মহাপাত্র নাবিকদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা ভালো থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘কৃষ্ণসাগর থেকে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বেসামরিক জাহাজে আক্রমণ একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি আলোচনা ও কূটনীতিই রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধানের একমাত্র পথ।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ড্রোন হামলায় জাহাজের ক্যাপ্টেন নিহত হয়েছেন এবং আরেকজনের পরিণতি এখনো অজানা রয়েছে। ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ভারতীয় ও আজারবাইজানের নাগরিকরা ছিলেন। এছাড়া গত রোববার ইউক্রেনের সুমিতে ভারতীয় মালিকানাধীন একটি ওষুধ গুদামে রাশিয়ার হামলায় ৫২ বছর বয়সী এক কর্মী নিহত হন। সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/ইউএম