ভারতীয় বিমানবাহিনীর নতুন প্রধান আশুতোষ দীক্ষিত

ভারতীয় বিমানবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। বর্তমানে তিনি দেশটির বিমানবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩১ অক্টোবর বিকেল থেকে এয়ার চিফ মার্শাল পদমর্যাদায় বাহিনীটির ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন তিনি।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিন বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং অবসর নেবেন। ‘অপারেশন সাগর’, ‘অপারেশন রক্ষক’ ও ‘অপারেশন সিঁদুর’-এর মতো বিভিন্ন অভিযানে দায়িত্ব পালন করেছেন আশুতোষ দীক্ষিত। ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বিমানবাহিনীর ফাইটার শাখায় কমিশন পান তিনি।
ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফের দায়িত্ব নেওয়ার আগে আশুতোষ দীক্ষিত চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ টু দ্য চেয়ারম্যান, চিফস অব স্টাফ কমিটি (সিআইএসসি) এবং সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমি, বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক শিক্ষার্থী আশুতোষ দীক্ষিত। প্রায় চার দশকের কর্মজীবনে বিভিন্ন ধরনের উড়োজাহাজে ৩ হাজার ৫০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি মিরাজ-২০০০, মিগের বিভিন্ন সংস্করণ, কিরণ, জাগুয়ার, আইএল-৭৮, হক ও তেজসের মতো যুদ্ধ ও প্রশিক্ষণ বিমানে উড়েছেন। তিনি একজন এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাক্টর। কর্মজীবনে পশ্চিমাঞ্চলের একটি ফ্রন্টলাইন ফাইটার ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফাইটার ট্রেনিং বেসের কমান্ডও সামলেছেন আশুতোষ দীক্ষিত।
দীর্ঘ কর্মজীবনে বিশেষ অবদানের জন্য একাধিক সামরিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০০৬ সালে বায়ুসেনা পদক, ২০১১ সালে বিশিষ্ট সেবা পদক, ২০২৩ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২৬ সালে পরম বিশিষ্ট সেবা পদক পান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।
ভোরের আকাশ/এম