হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ওমানের প্রতিশ্রুতি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওমান। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান বিরোধ রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এ কথা বলেন।
তিনি বলেন, চলতি বছরের শুরুতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ও বাণিজ্যে।
বদর আলবুসাইদি বলেন, হরমুজে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় জ্বালানি নিরাপত্তা, তেলের দাম এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর আস্থায় প্রভাব পড়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ওমান প্রতিশ্রুতিবদ্ধ।
প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের উদ্যোগে সব পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেসব দেশ এই নৌপথের ওপর নির্ভরশীল, তাদের স্বার্থও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও যুক্তরাষ্ট্রকে তাদের বিরোধের সমাধান এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। তার মতে, এ ধরনের সমঝোতা চলমান সংকট থেকে বের হওয়ার একটি স্থায়ী পথ তৈরি করতে পারে।
এ সময় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রতিও ওমানের সমর্থন জানান তিনি।
ইয়েমেন প্রসঙ্গে বদর আলবুসাইদি দেশটির রাজনৈতিক সমাধানের প্রতি ওমানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এমন একটি সমঝোতা প্রয়োজন, যা ইয়েমেনের ঐক্য, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে।
ইয়েমেনের সার্বভৌমত্ব ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দেশটির সম্পর্ক সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ/এম