শত্রুকে এক ইঞ্চিও ছাড় নয়: আইআরজিসি কমান্ডার

শত্রুভাবাপন্ন যে কোনো শক্তিকে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) পদাতিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। তিনি শত্রুপক্ষের সামরিক হুমকির মুখে কোনো প্রকার নতিস্বীকার না করারও দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি কৌশলগত ও সামরিক ঘাঁটি পরিদর্শনকালে উচ্চপদস্থ এই সামরিক কর্মকর্তা এসব কথা বলেন।
পরিদর্শনকালে কারামি বলেন, মহান আল্লাহর অশেষ কৃপায় ও আমাদের বীরত্বপূর্ণ ইরানি জাতির সাহসিকতায় আমরা শত্রুর কাছে এক ইঞ্চি জমিও ছাড় দেবো না। ঠিক যেভাবে আমরা আমাদের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের (১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ) সময়ে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, এবারও তাই হবে। ভবিষ্যৎ একমাত্র মহান ইসলাম ও বীর ইরানি জাতিরই।
আইআরজিসির এই শীর্ষ কমান্ডার তার বক্তব্যে শত্রুভাবাপন্ন যে কোনো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ ও অবিচল লড়াইয়ের ঐতিহাসিক পথ অব্যাহত রাখার ওপর বিশেষ জোর প্রদান করেন।
সূত্র: আল-জাজিরা
ভোরের আকাশ/এনএস