হরমুজ খোলা নিয়ে পরস্পরবিরোধী খবর, যা বলছে ইরান

মার্কিন চাপ ও অবরোধ কমালে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার খবরটি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ইরান। রয়টার্স, কিয়োদো ও ডন-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশের পর তেহরানের পক্ষ থেকে একে 'ভিত্তিহীন' এবং ভুল তথ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানি কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা অস্বীকার করেছেন।
এর আগে, রয়টার্স ও জাপানের কিয়োদো নিউজ এজেন্সি আলাদাভাবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করে। ওই খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে পারে তেহরান।
ইরানের অবস্থান নিয়ে এমন পরস্পরবিরোধী খবরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে তেলের দাম।
হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হলে উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ বাড়তে পারে, এমন ধারণা থেকেই বাজারে এ প্রভাব পড়েছে।
এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের চুক্তির দাম ২ দশমিক ০১ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের অক্টোবরের চুক্তির দাম ২ দশমিক ৫০ ডলার বা ২ দশমিক ৬১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৮ ডলারে নেমে আসে।
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবাজার অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, গণমাধ্যমে ইরান সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে পারে বলে খবর প্রকাশের পর তেলের দাম কমেছে। এটি কূটনৈতিক প্রচেষ্টা কাজ করছে কি না, তার একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে বলে মনে করেন তিনি।
তবে, ফারস নিউজ জানিয়েছে, এসব খবর প্রকাশের পর তেলের বাজারে যে প্রভাব পড়েছে, তা নিয়ে ইরানি সূত্রগুলো কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
বিশেষ করে, হরমুজ প্রণালি নিয়ে প্রকাশিত খবর আন্তর্জাতিক তেলের বাজারে কী প্রভাব ফেলতে পারে, সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে।
এদিকে, সৌদি আরবও লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে আবার তেল রপ্তানি শুরু করতে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনার সঙ্গে সৌদি আরবের এ পদক্ষেপও আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব ফেলেছে।
ভোরের আকাশ/আ.র